বুখারেস্টঃ উইম্বলডনের পর টোকিও অলিম্পিক ( Tokyo Olympic ) থেকেও সরে দাঁড়ালেন রোমানিয়ার তারকা টেনিস প্লেয়ার সিমোনা হালেপ। সোমবার মধ্যরাতে সিমোনা টুইট করে জানান, অলিম্পিকের আগে তাঁর পায়ের চোট সাড়বে না, তাই তিনি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ থেকে সরে দাঁড়ানোর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে সিমোনা টেনিসের বিশ্ব ক্রম তালিকায় তিন নম্বরে রয়েছেন। তবে সিমোনাই প্রথম নন, তাঁর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, ডমিনিক থিয়েমও ভিন্ন ভিন্ন কারণে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছেন।
অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়ে সিমোনা টুইটারে লেখেন, ‘রোমানিয়ার প্রতিনিধিত্ব করার মতো গর্ববোধ আর অন্য কিছুতে নেই। কিন্তু আমার পায়ের চোট সম্পূর্ণ সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। তাই আমি এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক থেকেও সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি’।
২৯ বছর বয়সি সিমোনা ( Simona ) এরপর লেখেন, ‘ফরাসি ওপেন এবং উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর পর, অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর বিষয়টা মেনে নেওয়া খুবই কঠিন। তবে আমি আরও ভালো প্রত্যাবর্তন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি বাড়ি বসে রোমানিয়ার বাকি অ্যাথলিটদের সম্পূর্ণ সমর্থন করব’।
চলতি বছরের মে মাসে অ্যাঞ্জেলিক কারবারের বিরুদ্ধে ইটালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পায়ের মাংশপেশিতে চোট পেয়ে সিমোনা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই চোট না সারার কারণে তিনি চলতি বছরের ফরাসি ওপেন থেকেও সরে দাঁড়ান। একই চোটের কারণে উইম্বলডন শুরুর আগে সিমোনা সেই প্রতিযোগিতা থেকেও সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। অলিম্পিকের আগেও পায়ের মাংশপেশির সেই চোট সারার সম্ভাবনা না থাকায়, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস প্লেয়ার সিমোনা এবার টোকিও অলিম্পিক থেকেও সরে দাঁড়ালেন।
রোমানিয়ার তারকা টেনিস প্লেয়ার সিমোনা ২০১২ লন্ডন অলিম্পিকের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। এরপর জিকা ভাইরাস সংক্রমণের কারণে ২০১৬ রিও অলিম্পিকেও সিমোনা অংশগ্রহণ করেননি।
The post উইম্বলডনের পর টোকিও অলিম্পিক থেকেও সরে দাঁড়ালেন সিমোনা হালেপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hnaPtU
No comments:
Post a Comment